মা-বোনদের রান্নার কষ্ট লাঘবে ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম
নারীদের জীবনযাত্রা সহজ করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি এবার নারীদের জন্য চালু হতে যাচ্ছে ‘এলপিজি কার্ড’, যার মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ সহজ করা হবে।
সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় ঐতিহাসিক ‘উলসী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মা-বোনেরা রান্নার ক্ষেত্রে নানা কষ্টের মুখোমুখি হন। সেই কষ্ট লাঘবে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে, তেমনি এলপিজি কার্ডের মাধ্যমে তাদের কাছে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে রান্নার কাজ আরও সহজ হয়।
নারীদের শিক্ষার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ধাপে ধাপে বিনামূল্যে করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেয়েদের শিক্ষাকে আরও এগিয়ে নিতে চায়। এ লক্ষ্যে ডিগ্রি পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে, যাতে তারা উচ্চতর শিক্ষায় এগিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
বক্তব্যের শেষে সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারিভাবে সম্মানীর ব্যবস্থা করার প্রতিশ্রুতি ইতোমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে।