উদ্বোধনের আগেই রাজিবপুর মডেল মসজিদে ভয়াবহ ফাটল, নির্মাণমান নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম
কুড়িগ্রামের রাজিবপুরে উদ্বোধনের আগেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। নির্মাণকাজ শেষ হতে না হতেই এমন ফাটল দেখা দেওয়ায় ভবনের নির্মাণমান, তদারকি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মসজিদ ভবনের একাধিক অংশে ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও দায়সারাভাবে কাজ করার কারণেই জনগণের টাকায় নির্মিত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি উদ্বোধনের আগেই ঝুঁকির মুখে পড়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার দাবি করেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তবে প্রকল্পের ম্যানেজার বিষয়টিকে বড় কোনো সমস্যা নয় দাবি করে বলেন, এসব ফাটল দ্রুত মেরামত করা সম্ভব।
স্থানীয় সচেতন মহল বলছেন, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এমন ফাটল দেখা দেওয়া অত্যন্ত দুঃখজনক। এটি সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা, তদারকির দুর্বলতা এবং নির্মাণকাজে অনিয়মের ইঙ্গিত বহন করে।
তারা দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত, নির্মাণসামগ্রীর মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।