গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুমকি, ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অবস্থানকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এরই প্রেক্ষাপটে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা সামনে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জন্য। দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ-সদস্যরা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) আহ্বান জানিয়েছেন। এ অবস্থানে জার্মান সরকারেরও নীতিগত সমর্থন রয়েছে বলে জানা গেছে।
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের অন্তত আটটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই হুমকি বাস্তবায়িত হলে পালটা পদক্ষেপ হিসেবে বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে জার্মানি।
২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে ম্যাচের বড় অংশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি প্রয়োগ করা হলে ইউরোপের আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আপাতত নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জার্মানি। বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন। এর পাশাপাশি বয়কটের পক্ষে জনমত গঠনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ নাগরিক ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে রয়েছেন ৩৫ শতাংশ মানুষ।