ফুটবলে এবার নতুন আইন করতে যাচ্ছে ফিফা
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগে আবারও উত্তাল বিশ্বফুটবল। এমন প্রেক্ষাপটে ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী আচরণের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি নাকি রিয়াল মাদ্রিদর তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস নিউজ জানায়, এ ধরনের ঘটনা রোধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে ফিফা, যা অনানুষ্ঠানিকভাবে ‘প্রেসতিয়ান্নি আইন’ নামে উল্লেখ করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, মন্তব্য করার সময় নিজের মুখ জার্সি দিয়ে ঢেকে রাখেন প্রেসতিয়ান্নি। ফুটবল মাঠে কথোপকথনের সময় অনেক খেলোয়াড়ই ঠোঁট পড়া এড়াতে মুখ ঢেকে কথা বলেন। তবে ভবিষ্যতে এভাবে মুখ আড়াল করে বর্ণবিদ্বেষী বা অশালীন মন্তব্য করলেও সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার বিষয়ে আলোচনা চলছে।
বিষয়টি ফিফার ‘প্লেয়ার্স ভয়েস কমিটি’তে তোলা হবে। ফুটবলে নতুন নিয়ম প্রণয়ন বা বিদ্যমান নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে এই কমিটি পরামর্শ দিয়ে থাকে।
এদিকে ভিনিসিয়ুস ইস্যুতে উয়েফার কাছে প্রমাণ জমা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘটনার নিন্দা জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ভিনিসিয়ুসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার ঘটনায় আমি দুঃখিত। আমাদের খেলা ও সমাজে বর্ণবিদ্বেষের কোনো স্থান নেই। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।”