জকসু নির্বাচনে ভিপিসহ শীর্ষ তিন পদে শিবিরের জয়
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছে শিবিরসমর্থিত প্যানেল। এর মাধ্যমে শীর্ষ তিন পদে ছাত্রদলসমর্থিত প্রার্থীরা পরাজয়ের মুখে পড়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবিরসমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তিনি ছাত্রদলসমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরসমর্থিত প্রার্থী আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা জয়ী হয়েছেন ৫ হাজার ১৫ ভোট পেয়ে। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।
এর আগে একাধিকবার পেছানো ও স্থগিতের পর মঙ্গলবার (৬ জানুয়ারি) বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটারদের মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য নির্ধারিত ছিল ৩৮টি কেন্দ্র এবং একটি কেন্দ্র ছিল হল সংসদের জন্য।