চবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুর ও দোকানদারকে মারধরের অভিযোগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি দোকানে বাকি টাকার বিষয়কে কেন্দ্র করে ভাঙচুর ও দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনায় দোকানদার আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় সুমনের দোকানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জালাল সিদ্দিকী শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েক মাস আগে জালাল সিদ্দিকীর নামে কিছু বাকি খোলা ছিল, তবে বিষয়টি তিনি জানতেন না। পরে দোকানদার বিষয়টি ছাত্রদলের অন্য কয়েকজনকে জানান এবং এ নিয়ে একটি ভিডিও ধারণ করেন।
এতে ক্ষুব্ধ হয়ে রাতে জালাল সিদ্দিকী দোকানে গিয়ে বাকি টাকার বিষয়ে জানতে চান। দোকানদার জানান, তার কাছে ৩০ টাকা বাকি রয়েছে। এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন বিষয়টি তাকে না জানিয়ে অন্যদের জানানো হয়েছে।
এ সময় দোকানদার বলেন, ক্যাম্পাসে অনেক জালাল আছে, আপনি কি সেই জালাল? এই কথা শুনে জালাল সিদ্দিকী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দোকানদারের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। এক পর্যায়ে দোকানের সামনে থাকা একটি টেবিল উল্টে যায় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দোকানদার সুজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
সুজন জানান, প্রায় তিন মাস আগে এক ব্যক্তির মাধ্যমে বাকি খোলা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়। তিনি বলেন, ঘটনায় তার ঠোঁটের পাশে আঘাত লেগেছে এবং দোকানের কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো কোনো ক্ষতিপূরণ পাননি তিনি।
এ বিষয়ে দোকানদারকে সহায়তাকারী অধ্যাপক জাহিদুর রহমান চৌধুরী বলেন, দোকানদার আগে নাট্যকলা বিভাগে কাজ করতেন। পরে তিনি চাকরি হারান এবং বর্তমানে একটি ছোট দোকান চালান।
অভিযুক্ত জালাল সিদ্দিকী দাবি করেন, বাকি টাকার বিষয়টি তার নামে অন্য কেউ করেছে। তবে দোকানদারের কথায় তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং পরে বিষয়টি মীমাংসা হয়েছে বলে দাবি করেন।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ঘটনাটি দুঃখজনক এবং বিষয়টি জানার পর তারা দোকানদারের সঙ্গে কথা বলেছেন।