চবিতে তৃতীয় হওয়া শিক্ষার্থী রাবিতে মোবাইলে নকল করতে গিয়ে আটক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে তৃতীয় হওয়া এক পরীক্ষার্থীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের সময় আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে স্যার জগদ্বিশচন্দ্র বসু একাডেমিক ভবন থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটক পরীক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তিনি খুলনার বাসিন্দা। তার বাবার নাম সাহা চঞ্চল কুমার। দিব্য জ্যোতি ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সাবেক শিক্ষার্থী এবং আগে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষার সময় তিনি মোবাইল ফোনের মাধ্যমে এআইভিত্তিক অ্যাপ ‘ডিপশেক’ ব্যবহার করে প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কক্ষ পরিদর্শকরা তাকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি ধরা পড়ে।
এর আগে দিব্য জ্যোতি সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। ওই ফল প্রকাশের পর তিনি নিজের ফেসবুক আইডিতে লেখেন— “পুরাই আনএক্সপেকটেড, চট্টগ্রাম ঘুরতে গিয়ে তৃতীয় হওয়ার যে ব্যাপারটা।” পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার আগের পরীক্ষাগুলো নিয়েও প্রশ্ন ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “যেহেতু সংশ্লিষ্ট শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়েছে এবং চবিতে ভালো অবস্থান অর্জন করেছে, বিষয়টি সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটি ও ডিনরা বিবেচনা করবেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত তারাই নেবেন।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হলেও প্রথম শিফটে একজন পরীক্ষার্থী মোবাইলসহ ধরা পড়ে। পরে দ্বিতীয় শিফটেও আরেকজনকে আটক করা হয়। আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের কাজ করার সাহস না পায়, সে জন্য আমি নিজে বাদী হয়ে মামলা করব।”
উল্লেখ্য, রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ পর্যন্ত অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট পাঁচজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্র থেকে, দুজন রাবি ক্যাম্পাস থেকে এবং একজনের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।