কুবি ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী-অভিভাবকদের পাশে ছাত্রদল
মো. রাবসান সরদার, কুবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (৩০ জানুয়ারি) কুবি কেন্দ্রে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য ও সহায়তা প্রদান, মেডিকেল সেবা, ফ্রি বাইক সার্ভিস, বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহসহ নানা উদ্যোগ গ্রহণ করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে পরিচালিত এসব কার্যক্রমে ভর্তি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও জরুরি সহায়তা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি সেবা ও তথ্যকেন্দ্র স্থাপন করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে কাজ করেন সংগঠনের নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সেবা তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। যাতে পরীক্ষার্থী ও অভিভাবকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই এই উদ্যোগ।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা, খাবার সরবরাহ এবং মেডিকেল সেবা বুথ চালু করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধায় ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি ফ্রি বাইক সার্ভিস চালু করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৫০ জন শিক্ষার্থী সেবা পেয়েছেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ভর্তি পরীক্ষাকে উৎসবমুখর ও সুশৃঙ্খল রাখতে ছাত্রদল সর্বোচ্চ চেষ্টা করছে। দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম, থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবারের মতো এবারও ফ্রি বাইক সার্ভিস ব্যাপক সাড়া পাচ্ছে। তিনি জানান, আগামীতেও এসব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।