ফাতাহ–৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৫৭ পিএম
অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের নাম ফাতাহ–৪।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী, সেনাদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি দিক যাচাইয়ের উদ্দেশ্যে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। এতে এর লক্ষ্যভেদ ক্ষমতা এবং প্রতিকূল পরিস্থিতিতে কার্যকারিতা আগের তুলনায় আরও উন্নত হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। সেখানে বলা হয়, সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা সম্পন্ন করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, আধুনিক নেভিগেশন প্রযুক্তি এবং উন্নত এভিওনিক্স ব্যবস্থায় সজ্জিত এই ক্ষেপণাস্ত্র দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
ফাতাহ–৪ এর সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা এই প্রকল্পে যুক্ত বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সকলের কাজের প্রশংসা করেন।
এর আগে দুই সপ্তাহে পাকিস্তান সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড ফাতাহ–২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালায়। তারও আগে নৌবাহিনী তাদের জাহাজ-বিধ্বংসী আকাশ-উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা সম্পন্ন করে।
সামরিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব পরীক্ষার মাধ্যমে পাকিস্তান তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার চেষ্টা করছে।