অংশ নিতেন ছাত্রদলের কর্মসূচিতেও

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ হত্যা মামলার প্রধান আসামি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা এক তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা তৈরি হয়েছে। অভিযুক্ত ওই তরুণের নাম মো. রাকিব। তিনি গাজীপুরের একটি হত্যা মামলার প্রধান আসামি বলে অভিযোগ রয়েছে। বাদীপক্ষের দাবি, মামলার আসামি হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি।

রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহপাঠীদের কাছে তিনি আহমেদ রাকিব নামে পরিচিত। একই হত্যা মামলায় তার যমজ ভাই মো. সাকিবও আসামি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই নারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রাকিব লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে যান। ভুক্তভোগী নারীকে কাঁদতে কাঁদতে বিচার চাইতে দেখা যায়। জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর কালিয়াকৈরের সফিপুর পশ্চিমপাড়া এলাকায় সাব্বির হোসেন নামের এক তরুণকে কুপিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাকিব ও তার ভাই সাকিব।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন রাকিব, সাকিব ও সাব্বির একসঙ্গে একটি ব্যায়ামাগারে যান। পরে তারা একটি ভবনের ছাদে ওঠেন। সঙ্গে ছিল স্থানীয় দুই কিশোর। কিছু সময় পর ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে পড়ে থাকতে দেখা যায়। পরে ছাদে রক্তমাখা অস্ত্র ও কাটা নখ পাওয়া যায়। এ ঘটনায় সাব্বিরের বড় ভাই মো. মহিউদ্দিন আবির বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাদী মহিউদ্দিন আবির অভিযোগ করেন, মামলা প্রথমে কালিয়াকৈর থানায় দায়ের হলেও পরে গাজীপুর গোয়েন্দা পুলিশের কাছে তদন্তভার যায়। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে পাঠানো হলেও এখনো আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। আসামিদের বিভিন্ন সময় প্রকাশ্যে দেখা গেলেও পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও দাবি করেন তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করেছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা হলে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসমত উল্লাহ জানান, বিভিন্ন পরিস্থিতির কারণে আগে অভিযান চালানো হয়নি। তবে এখন আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর রাকিবকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে—এমন কয়েকটি ছবিও প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, টিএসসিতে লাঠি হাতে নারীর ওপর হামলাকারী রাকিব ছাত্রদলের সঙ্গে যুক্ত এবং গাজীপুর-১ আসনের সমন্বয়ক ছিলেন।

তিনি প্রশ্ন তোলেন, একটি হত্যা মামলার আসামিকে কেন ক্যাম্পাসে আশ্রয় দেওয়া হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970