শিবিরের ইফতার মাহফিলের মঞ্চে ব্যঙ্গাত্মক গান, সমালোচনার মুখে জকসু সম্পাদক তাকরিম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলের একটি ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত এক কর্মসূচির মঞ্চে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে গান পরিবেশনের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘অটুট বন্ধনে জবিয়ানদের ইফতার’ কর্মসূচি শেষে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘অটুট কাওয়ালি’ শিরোনামের ওই ভিডিওতে দেখা যায়, ছয়জন ছাত্রের মাঝে একজন ছাত্রীকে বসিয়ে কাওয়ালির সুরে হাততালি ও ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গির মাধ্যমে পরিবেশনা করা হচ্ছে।

তবে সংশ্লিষ্টদের দাবি, ভিডিওতে অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউই ছাত্রশিবিরের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত নন। এটি সংগঠনের আনুষ্ঠানিক আয়োজনের অংশও ছিল না।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক শিক্ষার্থী ইফতার মাহফিলের মতো ধর্মীয় ও পবিত্র আয়োজনে এমন পরিবেশনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। ওয়াইসুল নামে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ইফতার মঞ্চে এ ধরনের রঙতামাশা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে আয়োজনের পবিত্রতা নষ্ট হয়েছে। ফকরউদ্দীন নামে আরেক শিক্ষার্থী বলেন, কাওয়ালি পরিবেশন পর্যন্ত বিষয়টি স্বাভাবিক থাকলেও উপস্থাপনার ধরন ছিল দৃষ্টিকটু।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ জানান, ইফতার অনুষ্ঠানের পর কোনো সাংস্কৃতিক আয়োজন ছিল না। ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদকসহ কয়েকজন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থী ব্যক্তিগতভাবে ভিডিওটি ধারণ করেন।

তিনি আরও জানান, ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তাকরিম আহমেদ দুঃখ প্রকাশ করে সেটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তাকরিম আহমেদ বলেন, ক্যাম্পাসে আলোকসজ্জা থাকায় বন্ধুদের সঙ্গে মজা করে ভিডিওটি ধারণ করা হয়েছিল। বিষয়টি যে বিতর্কের জন্ম দেবে তা তিনি ভাবেননি। অনিচ্ছাকৃত আচরণের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং কারও সম্মানহানি তার উদ্দেশ্য ছিল না বলে জানান।

ভিডিওটি ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর ক্যাম্পাসে ছাত্র সংসদ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970