চট্টগ্রামে বিরল মশাবাহিত রোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:২৫ পিএম
চট্টগ্রাম ভেটেরিনারি ও প্রাণিসম্পদ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি মশাবাহিত বিরল রোগ জাপানিজ এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গত ৪ মে সামান্য জ্বর ও মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকদের মতে, ভাইরাসজনিত সংক্রমণে তাঁর মস্তিষ্কে একাধিক স্ট্রোক হয়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। পরে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিশেষজ্ঞদের ধারণা, তিনি কিউলেক্স মশার মাধ্যমে ছড়ানো জাপানিজ এনসেফালাইটিস ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এই ভাইরাস সরাসরি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং অনেক ক্ষেত্রে দ্রুত মৃত্যু ঘটাতে পারে।
ড. জাকিয়া সুলতানা জুথি ছিলেন একজন মেধাবী গবেষক ও শিক্ষক। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭–০৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। পরে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করে দেশে ফিরে আসেন। চলতি বছরের শুরুতে তিনি সিভাসুতে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
তাঁর স্বামী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাহরিয়ার হাসেম অর্নব। পাঁচ বছর বয়সী সন্তান রেখে তাঁর এই মৃত্যু পরিবারে গভীর শোকের সৃষ্টি করেছে।
সিভাসু কর্তৃপক্ষ এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।