তারিখ পরিবর্তনের বেড়াজালে সমাবর্তন, হতাশ বেরোবি শিক্ষার্থীরা
কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তনের তারিখ আবারও স্থগিত করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সমাবর্তন কমিটির এক সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন রেজিস্ট্রেশনের তারিখ পুনর্নির্ধারণ, রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত বিভিন্ন দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমাবর্তনের তারিখ স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তীতে সুবিধাজনক সময়ে সমাবর্তনের নতুন তারিখ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে।
উল্লেখ্য, বেরোবির প্রথম সমাবর্তন প্রথমে নভেম্বর মাসে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এরপর পুনরায় তারিখ পরিবর্তন করে ১৭ জানুয়ারি করা হয়। এবার সেই তারিখও স্থগিত করা হলো।