নবনির্বাচিত এমপির কাছে চাঁদা দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. ফখরুদ্দিন (৩৫)। তিনি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ফখরুদ্দিনকে আটক করে। প্রাথমিকভাবে তিনি নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে পরিচয় দেন। পরে সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী-র কাছে চাঁদা দাবি করার কথা স্বীকার করেন।
এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি, মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা বিভিন্ন কার্ড উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে নবনির্বাচিত এমপির কাছে চাঁদা দাবি করেছিলেন। খবর পেয়ে তাকে আটক করে পরবর্তীতে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।