এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রবেশপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, বোর্ডের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এতে জানানো হয়, ইতোমধ্যে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কেন্দ্র সচিবদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করতে হবে।
বোর্ডের পক্ষ থেকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।