সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং পরীক্ষা সংক্রান্ত তিন দফা দাবিতে সরকারকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় নেওয়ার দাবি জানান তিনি। এছাড়া যারা ওই দিন পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদেরও নতুন পরীক্ষার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের আরও দাবি, আগামী দিনের নির্ধারিত পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীবান্ধব মানদণ্ড অনুসরণেরও দাবি জানানো হয়।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে ধারাবাহিক আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় আসেননি।