শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ‘ব্রয়লার মুরগি’ বা ‘ফার্মের মুরগি’ বলে কটাক্ষ করার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করেছে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ব্রয়লার চিকেন পার্টি’। এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি পেজ চালু করা হয়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্যোগে খোলা পেজটিতে ‘আমরাই ব্রয়লার প্রজন্ম: অপমানে নয়, ঐক্যে শক্তি’ এবং ‘তারা আমাদের ব্রয়লার মুরগি বলেছিল, আমরা আন্দোলনে পরিণত হয়েছি’—এ ধরনের স্লোগান ব্যবহার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পেজটির অনুসারীর সংখ্যা দুই হাজার ৩০০ ছাড়িয়ে যায়।

জলাবদ্ধতা ও টানা ভারী বৃষ্টির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’ বলে কটাক্ষ করা হয়েছে—এমন দাবি ঘিরে সামাজিক মাধ্যমে একটি অডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরই প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক প্রতিবাদের অংশ হিসেবে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে এই প্ল্যাটফর্ম চালু করা হয়।

পেজটিতে বিকেল থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনসংক্রান্ত বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।

অনলাইনভিত্তিক বিভিন্ন অ্যাক্টিভিস্টের মতে, এই উদ্যোগটি ভারতের ব্যঙ্গাত্মক প্রতিবাদভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র আদলে গড়ে তোলা হয়েছে। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তরুণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর সেখানে এ ধরনের একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এক ঘোষণায় বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

একই সঙ্গে তিনি দাবি জানান, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা অস্বস্তিকর পরিস্থিতিতে হওয়ায় যারা পরীক্ষা দিতে পারেনি কিংবা প্রতিকূল পরিবেশে অংশ নিয়েছে, তাদের স্বার্থ বিবেচনায় সেই পরীক্ষা পুনরায় নিতে হবে। পাশাপাশি পরদিনের পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করারও আহ্বান জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970