সন্ধ্যা ৬টার আল্টিমেটাম দিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে রাজধানীর সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দিয়ে তারা ঘোষণা দিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে শুরু করেন। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিন দফা দাবি ঘোষণা করে তারা সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বিকেল ৫টার দিকে তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
এছাড়া, গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের স্বার্থ বিবেচনায় ওই পরীক্ষাটি পুনরায় আয়োজনের দাবি জানান তিনি। একই সঙ্গে আগামী দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব মানদণ্ডে প্রণয়নেরও দাবি জানান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।