প্রশ্নফাঁসের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম
আগামী এসএসসি পরীক্ষা সহ দেশের সব ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষায় নকল প্রতিরোধে আরও কঠোর নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, খাতা মূল্যায়নের মান যাচাই এবং নকল ও অসাধু উপায় অবলম্বনকারীদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী উপস্থিত ছিলেন।