ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ ১২৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪ জন শিশু রয়েছে।

রোববার (৮ মার্চ) ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দু–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেঙ্গালুরু সিটি পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার পরিচালিত এই অভিযানে মোট ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১২৪ জনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে বেঙ্গালুরুর কাদুগোডি ও ভার্থুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে অবৈধভাবে বসবাস করছিলেন। বিদেশি নাগরিকদের শনাক্ত করতে বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিংয়ের নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখার চারটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশ বা সেখানে বসবাসের বৈধ কোনো নথিপত্র পাওয়া যায়নি। তবে তাদের কাছে বাংলাদেশি হওয়ারও কোনো কাগজপত্র মেলেনি।

বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তরে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বেঙ্গালুরু সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ কমিশনারের নির্দেশে গত কয়েক দিন ধরে শহরের বিভিন্ন থানার এলাকায় অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করতে বিশেষ অভিযান চলছে। এ অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, গ্রেটার বেঙ্গালুরু কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ বিভাগ সহযোগিতা করেছে।

পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970