ভারতের বিহারে সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদ করায় মুসলিম বৃদ্ধকে রড দিয়ে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙা জেলায় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ করায় ৬৫ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম আব্দুল সালাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মার্চ রবিবার জেলার জামালপুর থানা এলাকার ঝগড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইট চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা মনীশ কুমার রামের পরিবারের সঙ্গে অন্যদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই সময় মনীশ কুমার রামের মা বিমলা দেবী সাম্প্রদায়িক উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্য করেন।

এ সময় পথ দিয়ে যাওয়ার সময় আব্দুল সালাম ওই মন্তব্যের প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে মনীশ কুমার রাম, তার ভাই রোশন কুমার রাম এবং তাদের মা বিমলা দেবী আব্দুল সালামের ওপর হামলা চালান। তারা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কিরতপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পর এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্বারভাঙার জেলা ম্যাজিস্ট্রেট কৌশল কিশোর, সিনিয়র পুলিশ সুপার জগন্নাথ রেড্ডি, ডিআইজি মনোজ তিওয়ারি এবং বিরাউল এসডিপিও প্রভাকর তিওয়ারি ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিরাউল এসডিপিও প্রভাকর তিওয়ারি জানান, নিহতের পরিবারের করা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে মূল অভিযুক্ত মনীশ কুমার রামসহ তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিআইজি মনোজ তিওয়ারি স্থানীয়দের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন এবং দোষীদের শাস্তির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970