পাকিস্তানের নেহারি-পায়া খাওয়ার ‘বাহানায়’ ইরান আলোচনায় যোগ দিতে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নতুন মন্তব্যে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনার দ্বিতীয় ধাপে তিনি নিজেও অংশ নিতে পারেন।
ট্রাম্প পোস্টে মজার ভঙ্গিতে বলেন, পাকিস্তান সফর শেষে ফিরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বারবার নেহারি ও পায়া নিয়ে প্রশংসা করছেন। তার ভাষায়, ভ্যান্স শুধু এই খাবার নিয়েই কথা বলছেন।
এ কারণে ট্রাম্প মন্তব্য করেন, নেহারি ও পায়া খেতে খেতে কূটনৈতিক আলোচনাকে আরও এগিয়ে নেওয়া যেতে পারে এবং তিনি নিজেও সেই বৈঠকে যোগ দিতে পারেন।
এর আগে ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনায় জেডি ভ্যান্স মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে বলে জানা যায়।
এখন ট্রাম্পের ব্যক্তিগতভাবে আলোচনায় যোগ দেওয়ার ইঙ্গিত এবং পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার নিয়ে তার এই মন্তব্য দ্বিতীয় দফার আলোচনায় নতুন কৌতূহল তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, কখনও কখনও অনানুষ্ঠানিক পরিবেশ ও ব্যক্তিগত আলাপ কূটনৈতিক জটিলতা কমাতে ভূমিকা রাখতে পারে। তাই ট্রাম্প সত্যিই আলোচনায় যোগ দিলে তা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে নতুন মাত্রা যোগ করতে পারে।