বাংলাদেশকে নিজেদেরই অংশ মনে করি, তাই ভিসা সবসময়ই দিয়েছি: দিলীপ ঘোষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:০০ এএম
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ বিষয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ভারত সব সময়ই বাংলাদেশিদের ভিসা দিয়েছে এবং বাংলাদেশকে নিজেদেরই একটি অংশ হিসেবে মনে করে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান স্থগিত করেছিল ভারত। তবে আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের পর্যটন ভিসার আবেদন আবারও গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ভারত বাংলাদেশকে নিজেদেরই অংশ মনে করে। তবে বাংলাদেশের পক্ষ থেকে শত্রুভাবাপন্ন আচরণ করা হলে ভারতকেও কঠোর অবস্থান নিতে হয়।
চিকিৎসা খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য কলকাতা ও দিল্লিতে যান। তার দাবি, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই বহু রোগী ভারতে চিকিৎসা নিতে বাধ্য হন।
দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়লে উভয় পক্ষই লাভবান হবে। তার ভাষ্য, বাংলাদেশে অনেক শিল্পকারখানা না থাকায় পশ্চিমবঙ্গ থেকে চাল, ডাল, তেল, লবণ, কাপড়, ফলসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।
তিনি আরও দাবি করেন, বাংলাদেশের বাজারে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে। তাই দুই দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য ও যাতায়াত দ্রুত পুনরায় চালু হওয়া প্রয়োজন।
দিলীপ ঘোষ বলেন, ‘আবার ব্যবসা শুরু হোক, ভিসা চালু হোক, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হোক—এটাই আমরা চাই। এখন বাংলাদেশও বুঝতে পেরেছে, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়েছে।’