আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:২৭ এএম
আফগানিস্তান সীমান্তে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা বাহিনীর স্থল ও বিমান হামলায় অন্তত ২৯ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনী এই অভিযান চালিয়েছে।
আতাউল্লাহ তারারের ভাষ্য অনুযায়ী, পূর্ব আফগানিস্তানের পাক্তিয়া, পাক্তিকা ও কুনার প্রদেশে পরিচালিত নিখুঁত হামলায় তিনটি আস্তানা ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাকিস্তানের দাবি, অভিযানে পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যদের লুকিয়ে থাকার স্থান ও নিরাপদ আশ্রয়স্থলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান বরাবরই টিটিপি ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে।
টিটিপি আফগান তালেবান থেকে আলাদা একটি সংগঠন হলেও দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২১ সালে আফগান তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই আন্তঃসীমান্ত হামলার ফলে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে।
এর একদিন আগে করাচিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। ওই ঘটনায় তিন পাকিস্তানি সেনা নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত এবং একজন আহত অবস্থায় গ্রেপ্তার হন। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন আফগান নাগরিক।
এদিকে, শনিবার রাতে জামাত-উল-আহরার নামে একটি সংগঠন করাচির হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি পাকিস্তানি তালেবানের একটি বিচ্ছিন্ন অংশ হিসেবে পরিচিত।
তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি আফগানিস্তানে পাকিস্তানের দ্বিতীয় দফা বিমান হামলা। গত ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে একাধিকবার সামরিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগানিস্তানও পাল্টা হামলা চালায়। এরপর থেকে সীমান্ত সংঘাতে শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান তালেবান সরকার টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এবং তারা সেখান থেকে পাকিস্তানে প্রবেশ করে হামলা চালাচ্ছে। তবে কাবুল সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।