রামপুরায় কার্নিশে থাকা তরুণকে গুলি, রায় না দিতে আবেদন প্রসিকিউশনের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় না দিতে ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছে প্রসিকিউশন। বুধবার (৪ মার্চ) এই আবেদন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে প্রসিকিউশনের এক কর্মকর্তা জানান, গুলি চালানোর নির্দেশদাতা এক পুলিশ কর্মকর্তার কথোপকথনের তথ্য পাওয়া গেলেও তাকে মামলার আসামি করা হয়নি। এই নতুন তথ্য সামনে আসায় রায় ঘোষণার আগে বিষয়টি বিবেচনার জন্য আবেদন করা হয়েছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মামলার রায়ের দিন নির্ধারণ করেছিলেন।

মামলাটি চব্বিশের গণ-আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। ওই সময় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা এবং আরও দুজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। গত ২৯ জানুয়ারি প্রসিকিউশন আদালতে যুক্তি উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে।

পাঁচ আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার আছেন একজন। তিনি হলেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970