গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১৩ সেনা কর্মকর্তা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা গুম ও নির্যাতনসংক্রান্ত দুটি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়েছে। তাদের উপস্থিতি ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং অতিরিক্ত সেনা ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ। পরে একে একে তাদের হাজতখানায় নেওয়া হয়।
এর আগে গত ৮ অক্টোবর এসব দুটি মামলাসহ জুলাই মাসের গণ-অভ্যুত্থান–সংশ্লিষ্ট আরেকটি হত্যাকাণ্ডের মামলায় মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একই দিনে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।
পরে ২২ অক্টোবর সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং এরপর তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেওয়া হয়।
গুম–নির্যাতনের দুই মামলার পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
এর আগে পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।