ভূমিকম্প না হলেও ‘ভূমিকম্প-ভূমিকম্প’ লাগছে? জানুন এর কারণ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম
গত ৩১ ঘণ্টায় দেশে চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন এক সমস্যার জন্ম নিয়েছে—অনেকেই ভূমিকম্প না হলেও হঠাৎ মনে করছেন যেন মাটি কেঁপে উঠল। সঙ্গে যোগ হয়েছে অনিদ্রা ও অস্থিরতা।
কেন এমন অনুভূতি হয়?
চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় পোস্ট–আর্থকোয়েক ডিজিনেস সিনড্রোম (PEDS)। ভূমিকম্পের পর শরীর ও মনের উপর যে ধাক্কা লাগে, তার প্রভাব থেকেই অনেকের মধ্যে কাঁপুনি অনুভব হওয়ার ভ্রম তৈরি হয়।
চিকিৎসকদের ব্যাখ্যা-
ডাক্তাররা জানান, এ সমস্যার পুরো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। তবে কয়েকটি কারণ জড়িত থাকতে পারে—
- কানের ভেতরের ভারসাম্য রক্ষাকারী অংশ ভূমিকম্পের ঝাঁকুনিতে সাময়িকভাবে অস্থির হয়ে যায়।
- ভূমিকম্পের ভয় মনের ওপর চাপ তৈরি করে।
- মস্তিষ্ক ঝাঁকুনির স্মৃতি ধরে রাখে, ফলে মাথা নড়ছে বা দুলছে—এমন অনুভূতি থেকে যায়।
এ অবস্থার সঙ্গে PTSD–রও কিছু মিল রয়েছে।
এর ফলে যেসব সমস্যা দেখা দিতে পারে-
PEDS–এ সাধারণত মাথা ঘোরা, চারপাশ নড়ছে মনে হওয়া, হাঁটতে সমস্যা, বমি ভাব, ঘুমের সমস্যা, একা থাকতে ভয়, বিরক্তিভাব ও দুশ্চিন্তাসহ নানা উপসর্গ দেখা দিতে পারে।
কী করবেন?
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এসব উপসর্গ দেখা দিলে অবহেলা নয়—চিকিৎসা নিলে দ্রুত ভালো হওয়া সম্ভব।
- কানের ভারসাম্য ফেরানোর ব্যায়াম
- মানসিক চাপ কমানোর থেরাপি
- প্রয়োজন হলে ওষুধ
এসব উপায়ে আরাম মেলে বলে জানান চিকিৎসকরা।
ভূমিকম্প শরীর ও মনকে একই সঙ্গে নাড়িয়ে দেয়। এতে বুক ধড়ফড়, মাথা ঘোরা, বমিভাবসহ নানা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে দীর্ঘমেয়াদে মানসিক সমস্যা তৈরি হওয়ার ঝুঁকিও থাকে।