এবছরেও বিজয় দিবসে ভারতের বিজয় দাবি করে মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম 

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

ছবি : মনোযোগ প্রকাশ

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। এই যুদ্ধে মুক্তিবাহিনীর সঙ্গে শেষ পর্যায়ে যুক্ত হয় ভারতীয় সেনাবাহিনী। সে কারণেই ভারতও দিনটিকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে। তবে ইতিহাসের বিচারে মূল বিজয়টি ছিল বাংলাদেশের, কারণ এই দিনেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঘটনাকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেন। তবে পুরো পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

মোদি তার পোস্টে লেখেন, “বিজয় দিবসে, আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবময় মুহূর্ত স্থায়ীভাবে খোদাই করে দিয়েছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ বীরত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”

এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি আলাদা পোস্ট দেয়। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, “বিজয় দিবস শুধু একটি তারিখ নয়-এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক।”

মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে-এ কথা তুলে ধরে ভারতীয় সেনাবাহিনী আরও জানায়, “এটি ছিল সেই বিজয়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে গেছে। এই বিজয় ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, দক্ষিণ এশিয়ার মানচিত্র পুনরায় অঙ্কন করেছে এবং একটি নতুন রাষ্ট্র-বাংলাদেশের জন্ম দিয়েছে।”

পোস্টে আরও বলা হয়, “এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো নৃশংসতা, নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটেছিল, যা একটি পুরো জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।”

মোদির পোস্টে বাংলাদেশের নামের অনুপস্থিতি এবং বিজয় দিবসকে এককভাবে ভারতের বিজয় হিসেবে উপস্থাপন করায় বিষয়টি নতুন করে ঐতিহাসিক বাস্তবতা ও মুক্তিযুদ্ধের মূল প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970