ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে: স্পিকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ এএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের মানুষ একসময় মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। এই ঐক্য যেন কোনোভাবেই ভেঙে না যায়। তিনি সতর্ক করে বলেন, ঐক্য ভেঙে গেলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে এবং দেশে আগের মতো লুণ্ঠনের পরিস্থিতি তৈরি করতে চাইবে। আমরা আর সেই ধরনের বাংলাদেশ দেখতে চাই না, যেখানে মানুষ গুম হবে, আতঙ্কে থাকবে এবং নিরাপত্তাহীনতায় ভুগবে।
শুক্রবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ছাত্রসমাজ মাফিয়া সরকারকে বিদায় করে দেশের উন্নয়নের পথ সুগম করেছে, এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, আগের সরকারের অনিয়ম, অবিচার, লুটপাট ও সন্ত্রাসের পরিণতি সবার সামনে স্পষ্ট। যারা অন্যায় করেছে, তাদের পরিণতিও সে অনুযায়ী হয়েছে।
দলীয় রাজনীতি প্রসঙ্গে স্পিকার বলেন, দলবাজি করা উচিত নয় এবং রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করা ঠিক নয়। তিনি বলেন, জামায়াতে ইসলামী ভদ্র আচরণের দল এবং তারা সংসদে ভালো ব্যবহার করে। একসময় তারা তাদের মিত্র দলও ছিল। বিএনপি ও জামায়াতে ইসলামীকে মিলেমিশে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারকে জনগণকে আশ্বস্ত করতে হবে যে তারা আগের সরকারের মতো লুটপাট বা সম্পদ বিদেশে পাচার করবে না। পাশাপাশি ভবিষ্যতে স্থানীয় সরকারসহ সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের আশ্বাস দেন তিনি, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।