আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপের কথা ভাবছে সরকার: তথ্য উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
আইনগত ভিত্তি যাচাই-বাছাই করে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার—এমন ইঙ্গিত দিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সংলাপে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, খেলাধুলার মধ্যে রাজনীতি টেনে আনা হয়েছে। কোন যুক্তিতে একজন ক্রিকেটারকে নিষিদ্ধ করা হলো, সেটি আইনগতভাবে পর্যালোচনা করা হবে। এরপর আইপিএল সম্প্রচারের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। তিনি পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আটটি মৌসুমে আইপিএলে অংশ নিয়েছেন। চলতি আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
তবে মোস্তাফিজকে দলে নেওয়ার পর উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের আপত্তির মুখে পড়ে কলকাতা নাইট রাইডার্স। অভিযোগ রয়েছে, চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটভক্তরা। পাশাপাশি বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানান। তিনি আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে পদক্ষেপ নিতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ করেন। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত ছাড়াও অন্য ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনায় নিতে বিসিবিকে নির্দেশনা দেন।
এদিকে সংলাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিক অভিযোগ করেনি। বর্তমান পরিস্থিতি গ্রহণযোগ্য রয়েছে।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।