সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, পাসপোর্ট দেওয়া হলেও তারা বাংলাদেশের নাগরিক হিসেবে গণ্য হবেন না।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অতীতে বাংলাদেশের প্রশাসনিক ত্রুটির সুযোগে বহু রোহিঙ্গা হাতে লেখা পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছেন। সে সময় এ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগও ছিল।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে সৌদি কর্তৃপক্ষ তাদের অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশের ওপর চাপ দিচ্ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও বলেন, সরকার শুরুতে চেষ্টা করেছিল যাতে এই সিদ্ধান্ত নিতে না হয়। তবে সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবারও তিনি জোর দিয়ে বলেন, এটি নাগরিকত্ব দেওয়ার সমতুল্য নয়।

তৌহিদ হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অন্য দেশের নাগরিকদেরও বিশেষ পরিস্থিতিতে পাসপোর্ট দেওয়া হয়—এটি অস্বাভাবিক কিছু নয়। মূল বাস্তবতা হলো, রোহিঙ্গারা মায়ানমার থেকে আগত একটি জনগোষ্ঠী, যাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে আরাকান অঞ্চলে বসবাস করে আসছেন।

তিনি জানান, আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের একটি স্বীকৃত জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের মায়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি সেই দৃষ্টিভঙ্গি থেকেই সমাধান করতে হবে। ছোটখাটো কারিগরি জটিলতার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970