আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ এএম

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। মঙ্গলবার (রাত) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। এতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, রাত ৯টা ৩৪ মিনিটে মিয়ানমারের আকিয়াব শহরের কাছাকাছি এলাকায় ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে।

তিনি আরও জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল কক্সবাজার শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে হওয়ায় বাংলাদেশে তুলনামূলকভাবে ভারি কম্পন অনুভূত হয়েছে।

এর আগে একইদিন ভোরে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১, যা মৃদু শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।

ভোরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

তবে সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970