যমুনার সামনে বিক্ষোভে আহতদের নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের বিক্ষোভে আহত অন্তত ৬০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আহতদের অধিকাংশই লাঠির আঘাত ও টিয়ারশেলের কারণে আহত হয়েছেন; কেউ গুলিবিদ্ধ বা পিলেটের শিকার হননি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢামেক পরিচালক বলেন, “প্রায় ৬০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ৩০ জনের শরীরে বাহ্যিক আঘাত রয়েছে। আহতদের মধ্যে মাথা, মুখ, পা ও শরীরের বিভিন্ন অংশে ইনজুরি হয়েছে, যা মূলত লাঠির আঘাতজনিত। এছাড়া টিয়ারশেলের কারণে অনেকের শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। এখন পর্যন্ত কাউকে ভর্তি করা হয়নি।”

তিনি আরও জানান, ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। “একজন রোগীর সঙ্গে প্রায় ১০–১৫ জন আসে, এতে চিকিৎসা দিতে বাধা দেখা দেয়। তবে জরুরি বিভাগে প্রায় ২০০ চিকিৎসক এবং পর্যাপ্ত নার্স ও স্টাফ রয়েছেন। একসঙ্গে অন্তত ২৫ জন রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের কর্মসূচি শুরু হয়। শুক্রবার দুপুরে তারা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে মিছিল করলে পুলিশের বাধার মুখে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেন। সংঘর্ষে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে পরিস্থিতি শান্ত হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “আন্দোলনকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি। পরিস্থিতি নিয়মমাফিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970