মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট স্থগিতের হুঁশিয়ারি আইজিপির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচনে কোনো কেন্দ্রে মব সৃষ্টির চেষ্টা হলে শুধু ওই কেন্দ্র নয়, সংশ্লিষ্ট পুরো আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, আগের নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে, যাতে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আইজিপি।

আসন্ন নির্বাচনকে পুলিশের জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের সুযোগ হিসেবে উল্লেখ করে বাহারুল আলম বলেন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সারাদেশে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।

সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিচ্ছিন্নভাবে কিছু সহিংস ঘটনা ঘটেছে। গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫ জন নিহত ও ৬০৩ জন আহত হয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970