রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে অস্থায়ী ছাড় বা ‘ওয়েভার’ পেতে ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। একই ধরনের সুবিধা আগে ভারতকে দেওয়া হয়েছে বলে বাংলাদেশও সেই সুযোগ পাওয়ার আশা করছে।
বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেন–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী বলেন, রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে যে অস্থায়ী ছাড় দিয়েছে, বাংলাদেশও তেমন সুবিধা পাওয়ার প্রত্যাশা করছে।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে। ভারতকে দেওয়া সুবিধার মতো বাংলাদেশকেও যদি বিশেষ অনুমতি দেওয়া হয়, তাহলে তা দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং তা ওয়াশিংটনে জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন।
বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দাম অস্থির থাকায় আমদানিনির্ভর বাংলাদেশের জন্য বিকল্প উৎস খুঁজে বের করা জরুরি। রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল আমদানি করা গেলে বৈদেশিক মুদ্রার চাপ কমবে এবং জ্বালানি খাতে কিছুটা স্বস্তি আসবে।