৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৮:১৭ পিএম
পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, ৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্য হত্যাসহ সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।
পুলিশ হত্যা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করা ঠিক নয়, এতে সবারই ক্ষতি হয়।
আইজিপি দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাকে পুলিশের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণ করতে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবার ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আইজিপি বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে পুলিশের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান।
শনিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবীশ এএসপি কর্মকর্তাদের পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।