বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম
অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেলে কারখানাটিতে সর্বশেষ তেল পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং চারটি ট্যাংকের অবশিষ্ট মজুত ব্যবহার করে শেষবারের মতো পরিশোধন কার্যক্রম চালানো হয়েছে।
কর্মকর্তারা জানান, শোধনাগারটি সাধারণত প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে থাকে। তবে তেলের ঘাটতির কারণে গত মাস থেকে উৎপাদন কমিয়ে দৈনিক প্রায় ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। পরে চলতি মাসের শুরুতে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়ে থাকে, যা এই শোধনাগারে পরিশোধন করা হয়।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে পর্যন্ত শোধনাগার বন্ধ থাকার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।