দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:২৯ পিএম
দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সামরিক ও বেসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এই নির্বাচন তারই প্রমাণ।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছেন, কারণ তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব প্রশাসনের হলেও সেনাবাহিনী পাশে থেকে সহযোগিতা করেছে।
তিনি বলেন, এক সময় দেশে অনিশ্চয়তা ও শঙ্কার পরিবেশ তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু সেই পরিস্থিতি কাটিয়ে দেশকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যা একটি বড় অর্জন।
জেলা প্রশাসকদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। দুর্যোগ, দুর্ঘটনা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সেনা ইউনিটের মাধ্যমে সহযোগিতা করা হবে।
সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন।