মুক্তিযুদ্ধে বাঙালিকে সাহস জুগিয়েছে রবীন্দ্রনাথের গান: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালি জাতিকে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছিল।

বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি ও মানবকল্যাণ ছিল রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার মূল দর্শন। কাব্য, সংগীত, ছোটগল্প, উপন্যাস, নাটক, নৃত্যনাট্য ও চিত্রকলার মাধ্যমে তিনি মানবতা, প্রেম, শান্তি ও প্রকৃতির সৌন্দর্যকে অনন্য শিল্পগুণে তুলে ধরেছেন। তার সৃষ্টিকর্ম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ হয়ে আছে।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ তার যুক্তিবোধ ও মানবকল্যাণের চিন্তার মধ্য দিয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও জীবনসংগ্রাম অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে রবীন্দ্রসাহিত্যে উঠে এসেছে। সাধারণ মানুষের জীবন ও অনুভূতির যে চিত্র রবীন্দ্রনাথ তুলে ধরেছেন, তার বড় অংশই তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশকে ঘিরে।

তিনি বলেন, রবীন্দ্রনাথের অমর সৃষ্টি ‘আমার সোনার বাংলা’ আজ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে প্রতিষ্ঠিত।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে রবীন্দ্রনাথ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তিনিই প্রথম এশীয় হিসেবে বিশ্বসাহিত্যের সর্বোচ্চ এই সম্মান অর্জন করেন।

বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত, উগ্রবাদ ও জাতিগত বিভেদের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মানুষের কল্যাণে শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ গভীরভাবে চিন্তা করেছেন। নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। পাশাপাশি পুথিগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

রবীন্দ্র-জন্মবার্ষিকীর এবারের আয়োজন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970