শিশুদের সুরক্ষায় এই সরকার জান দিয়ে কাজ করছে: মানসুরা আলম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:২৩ পিএম
দেশব্যাপী শিশুদের সুরক্ষায় এই সরকার জান দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাবি ছাত্রদল নেত্রী মানসুরা আলম। সোমবার সরকারী শিশু সদন পরিদর্শনের পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
তিনি লেখেন, হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুতে তার বাবা-মা যেভাবে কান্নায় ভেঙে পড়েন, সেই দৃশ্য হৃদয়বিদারক। কিন্তু সরকারী শিশু সদনে থাকা অনেক শিশুর ক্ষেত্রে এমন পরিস্থিতিতে কান্নার জন্যও পরিবার নেই, কারণ তাদের অভিভাবকই রাষ্ট্র। তাই এসব শিশুদের সঠিকভাবে দেখভাল করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্নও তোলেন তিনি।
মানসুরা আলম আরও জানান, সম্প্রতি সমাজকল্যাণ অধিদপ্তরের এক কর্মকর্তার মাধ্যমে তিনি জানতে পারেন, শিশু সদনের কিছু শিশু হামের পাশাপাশি চর্মরোগেও আক্রান্ত হয়েছে। সংক্রামক হাসপাতালে হামের চিকিৎসা চললেও চর্মরোগের বিষয়ে আলাদা নজরদারি নেই বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এসব শিশু অপুষ্টিতে ভুগছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বেশি আক্রান্ত হচ্ছে। বিষয়টি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারের সঙ্গে আলোচনা করেন। পরে বিষয়টি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালককে জানানো হয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে যে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে শিশুদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশু সুরক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করে মানসুরা আলম বলেন, সরকার এই সংকট মোকাবিলায় গুরুত্ব দিয়ে কাজ করছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, উচ্চপর্যায়ের কর্মকর্তারা নিয়মিতভাবে হামসহ বিভিন্ন স্বাস্থ্য সংকট নিয়ে আলোচনা করছেন এবং সংক্রামক হাসপাতালের সক্ষমতা বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমালোচনা করলেও বাস্তব পরিস্থিতি দেখে সঠিক তথ্য নিয়ে কথা বলা উচিত। শিশুদের সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে এবং যেখানে কোনো ত্রুটি আছে, তা গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।