মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী, সঙ্গী হলেন যারা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান। এছাড়া ২৫ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর রহমান চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
প্রতিনিধি দলে আরও আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গণি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা টিম ও প্রেস উইংয়ের কর্মকর্তারাও সফরসঙ্গী হয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমে দেশটি সফর করবেন তারেক রহমান। পরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন তিনি।
এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, এই সফর বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক যোগাযোগ জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। সফর শেষে আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।