সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যাবে না, ছয় মাস পাবেন রাষ্ট্রীয় সুবিধা: স্বরাষ্ট্রমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আইন ও সংবিধানের বর্তমান বিধান অনুযায়ী কোনো ফৌজদারি মামলা বা আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্ব ছাড়ার পরও আগামী ছয় মাস রাষ্ট্রীয় নিরাপত্তাসহ নির্ধারিত সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন সাবেক এই রাষ্ট্রপতি।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস—এই পুরো সময়জুড়ে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। সে কারণে দায়িত্বে থাকাকালে তিনি সাংবিধানিক সুরক্ষার আওতায় ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ বা মামলা করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, সংবিধানের বাইরে কেউ যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিষয়। তবে এ ধরনের কোনো বক্তব্যকে গুরুত্ব দেওয়ার মতো পরিস্থিতি বা তথ্য পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।