৭ ঘণ্টায় ১২ লাখ টাকা নির্বাচনি তহবিল সংগ্রহ করলেন তাসনিম জারা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা মাত্র সাত ঘণ্টার মধ্যে ১২ লাখ টাকারও বেশি নির্বাচনি তহবিল সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। পোস্টে তিনি লিখেছেন, “মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে পাশে দাঁড়াবেন, তা আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
জারা আরও জানান, তাদের মোট লক্ষ্য ৪৬,৯৩,৫৮০ টাকা। আর ৩৪ লাখ টাকা সংগ্রহ হলে ফান্ডরেইজিং বন্ধ করা হবে। তিনি উল্লেখ করেন, রাত ২টার পর বিকাশে লিমিট অতিক্রমের কারণে আর টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।
এর আগে চার ঘণ্টা পর তিনি আরও একটি পোস্টে জানান, “চার ঘণ্টা আগে আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম। আপনাদের সহযোগিতায় পাঁচ লাখ ২৬ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। টাকা অঙ্কের চেয়ে বড় বিষয় হলো অনুদানগুলো ছোট ছোট অঙ্কে এসেছে—৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা। অনেকে সঙ্গে ছোট বার্তাও দিয়েছেন, একজন লিখেছেন, ‘আমি স্টুডেন্ট। সামর্থ্য অনুযায়ী দিলাম।’”
ডা. তাসনিম জারা বলেন, “আমাদের লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। লক্ষ্য পূরণ হলে আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দেব। টাকা উত্তোলন ও খরচ সব স্বচ্ছভাবে হবে এবং স্ক্রিনশট শেয়ার করা হবে।”