ধানের শীষে নির্বাচন করতে বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

এর আগে তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে তিনি গণঅধিকার পরিষদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সময় তিনি সংশ্লিষ্ট আসনের বিএনপি নেতাকর্মীদের রাশেদ খাঁনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নুরুল হক নুরের কাছে দেওয়া পদত্যাগপত্রে রাশেদ খাঁন উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘদিন নুরুল হক নুরের সঙ্গে আন্দোলন ও রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। এ সময়ে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতেও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে নুরুল হক নুর জানান, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-৪ আসন থেকে এবং নুরুল হক নুর নিজে ট্রাক প্রতীকে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন।

গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবেই ঝিনাইদহ-৪ আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে। তবে ট্রাক প্রতীকে নির্বাচন করলে সেখানে জয়ের সম্ভাবনা কম থাকায় ধানের শীষ প্রতীকে নির্বাচন নিশ্চিত করতে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন রাশেদ খাঁন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970