হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ এএম
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক ডা. মো. আবু সেলিমের তত্ত্বাবধানে মান্নার চিকিৎসা চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তায় জানান, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন এবং তাকে বিএমইউ হাসপাতালে নেওয়া হচ্ছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।