এবার ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন: নাহিদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এই গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য নয়; রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই এই আন্দোলন হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে নতুন কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। একজন চাঁদাবাজের জায়গায় আরেকজন বসবে—এমন ব্যবস্থার বিরুদ্ধে জনগণ রক্ত দিয়েছে। এবারের নির্বাচন সেই পুরোনো ব্যবস্থা ভেঙে ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা ও ভাটারা) আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দল ছাত্র-জনতার গণজোয়ার দেখে ভীত হয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারে নেমেছে। তবে ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় জনগণের হাতেই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণঅভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

এ সময় তিনি বলেন, সুবিধাবঞ্চিত ঢাকা-১১ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। ট্রাফিক জ্যাম, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দখল হওয়া খাল ও জমি উদ্ধার করে যুবসমাজের জন্য খেলার মাঠ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

এর আগে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তার সঙ্গে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970