নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, চিকিৎসা প্রয়োজন: ইশরাক হোসেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ আখ্যা দিয়ে তার চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের কড়া সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, এ ধরনের ভাষা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
এর আগে রোববার (২৫ জানুয়ারি) পুরান ঢাকার ধূপখোলা মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে চাঁদাবাজ ও জমিদারদের বিরুদ্ধে ‘রায় দেওয়ার’ আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে ইশরাক হোসেন বলেন, এমন বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচায়ক এবং এর জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
নাসীরুদ্দীনের প্রতি ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে কীভাবে প্রতিপক্ষের সঙ্গে কথা বলতে হয়, তা তার শেখা প্রয়োজন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
ইশরাক হোসেন বলেন, বিএনপি বিশ্বাস করে সব ক্ষমতার উৎস জনগণ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের রায় দেবে এবং সে রায়ের প্রতি বিএনপি আস্থাশীল।
দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত ঢাকাসহ সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কিছু ব্যক্তির বেফাঁস ও অশোভন মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করছে। তিনি সবাইকে সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
এ সময় ইশরাক হোসেন আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার এবং প্রার্থিতা বাতিল করা।
এর আগে সকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এক সভায় অংশ নেন ইশরাক হোসেন। সেখানে তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বজনীন চিকিৎসা সংস্কার ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।