ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়: জামায়াত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক সাইবার হামলা ও হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে। দলটির দাবি, ভারতের তৈরি একটি ম্যালওয়্যার বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে ছড়ানো হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি জানান, গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। একই পোস্ট পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক পেজ হ্যাক করে শেয়ার করা হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর জামায়াতের আইটি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং পাসওয়ার্ড পরিবর্তন করে।
সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতবিরোধী পক্ষগুলো ব্যাপক অপপ্রচার চালায়। এর মধ্যেই আবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে রাতের বেলায় একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে সেটি মুছে ফেলা হয় এবং আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় এবার সাধারণ ডায়েরির পাশাপাশি সাইবার আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের কেন্দ্রীয় অফিসিয়াল ই-মেইলে একটি ফিশিং মেইল আসে, যা পাঠানো হয় assistantprogrammer@bangabhaban.gov.bd
ঠিকানা থেকে। একই মেইল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতসহ আরও একাধিক ঠিকানায় পাঠানো হয়েছিল। ওই মেইলের মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করে একাধিক ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে তাদের ধারণা। বিষয়টি সরকারকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ডিপ ফরেনসিক অ্যানালাইসিসের ল্যাব রিপোর্টে দেখা গেছে, হ্যাকিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত ম্যালওয়্যারটির উৎপত্তি পার্শ্ববর্তী দেশ ভারতে। প্রাথমিকভাবে মেইলটি bcc.gov.bd ডোমেইন থেকে আসলেও সার্ভারটি bangabhaban.gov.bd–এর সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রমাণ মিলেছে।
সাইবার হামলা প্রসঙ্গে জামায়াতের অবস্থান তুলে ধরে সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের অপপ্রচার ও অবৈধ কর্মকাণ্ড দিয়ে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ঠেকানো যাবে না। জামায়াত নারীর সম্মান, নিরাপত্তা ও ক্ষমতায়নে বিশ্বাসী—এ কথা দেশের মানুষ জানে।
বঙ্গভবনের সরকারি ই-মেইল ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ওলিউল্লাহ নোমান এবং ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।