জামায়াতের জুনিয়র টিম সকাল-সন্ধ্যা নোংরা ভাষায় কথা বলছে: মির্জা আব্বাস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভোটের ফলাফল ছাড়া কোনো প্রিজাইডিং অফিসার যেন ভোটকেন্দ্র ত্যাগ করতে না পারেন। একই সঙ্গে পোলিং এজেন্টদেরও প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার নির্দেশনা দেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, “নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। পোলিং এজেন্টরা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রেজাল্ট শিট গ্রহণযোগ্য হবে না।” ভোট গণনা ভোটকেন্দ্রের বাইরে নেওয়ার চেষ্টা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণ তাদের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে সংগ্রাম করতেও প্রস্তুত। তিনি দাবি করেন, বিভিন্ন মহলের বক্তব্য ও আচরণে “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের” আশঙ্কা স্পষ্ট হয়ে উঠছে।

সভায় বক্তব্যে তিনি বলেন, কেবল গালিগালাজ বা অসভ্য ভাষা ব্যবহার করে রাজনীতিতে টিকে থাকা যায় না। এ ধরনের আচরণ নিজেকে জাহির করার অপচেষ্টা মাত্র। কটাক্ষ করে তিনি বলেন, “চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না, বের হয় ছাই। আর স্বর্ণের খনি থেকে ছাই বের হয় না।”

নিজের অবস্থান পরিষ্কার করে বিএনপির এই নেতা বলেন, তিনি বরাবরই চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার বিরুদ্ধে। তার বিরুদ্ধে যেসব কুৎসা রটানো হচ্ছে, সেগুলো দেশের মানুষ বিশ্বাস করবে না বলেও দাবি করেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, তার সম্পর্কে যেসব অশালীন মন্তব্য করা হচ্ছে, সেগুলোর সবকিছুর রেকর্ড থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে দায়িত্বশীল ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের একটি অংশ নিয়মিত বিএনপির বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। এমনকি দেশের চাকরিজীবী নারীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শেষে মির্জা আব্বাস বলেন, তিনি কখনো অনৈতিক সুযোগ-সুবিধা নেননি। যদি কেউ তার বিরুদ্ধে অভিযোগ তুলতে চান, তাহলে প্রকাশ্যে বিচার বসানোর আহ্বান জানান তিনি। “আমি গায়ে খেটে বড় হয়েছি, চুরি করে নয়”—বলে নিজের অবস্থান তুলে ধরেন বিএনপির এই নেতা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970