ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মিছিল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় মিছিল করেছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গুলশান এলাকায় আয়োজিত এই মিছিলে অংশ নেন তারা। মিছিলে শিক্ষাসহ বিভিন্ন খাতসংক্রান্ত দাবি তুলে ধরে নানা ধরনের স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় শিক্ষকদের।
মিছিলের সামনের সারিতে ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মিছিলের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক তাহমিনা আখতারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীদের মিছিলে অংশ নিতে দেখা যায়।
মিছিলে অংশগ্রহণকারীরা সাদা টি-শার্ট পরিহিত ছিলেন। বহনকৃত ব্যানারে লেখা ছিল, ‘ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন’। একই সঙ্গে বিভিন্ন প্ল্যাকার্ডে শিক্ষা খাতসহ নানা সামাজিক ও রাজনৈতিক দাবিও তুলে ধরা হয়।